Header Ads

ব্যক্তিগত পরিচয় বাইরে রেখে স্টেডিয়ামের গেটে ঢুকবেন: তামিম

ব্যক্তিগত পরিচয় বাইরে রেখে স্টেডিয়ামের গেটে ঢুকবেন: তামিম





অপেক্ষা আরেকটি ভোরের। এরপরই শুরু হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ। আর সেই লড়াই শুরুর আগে ভবিষ্যত বোর্ড পরিচালকদের কাছে একইসঙ্গে অনুরোধ ও আশাবাদ জানিয়ে রাখলেন বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল।

সেই অনুরোধ খুব কঠিন কিছু নয়। রোববারের নির্বাচন জিতে যারাই বোর্ড পরিচালক হোক না কেন, তারা যেন নিজেদের ব্যক্তিগত পরিচয় বাইরে রেখে মিরপুর স্টেডিয়ামস্থ বিসিবি কার্যালয়ে প্রবেশ করেন, এমনটাই চান তামিম।

অনিয়মের অভিযোগে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দেওয়ার পর বিসিবিতে অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নেন তামিম। হাতে ৩ মাস সময় থাকলেও, এক মাস বাকি থাকতেই নির্বাচন দিয়েছেন তিনি।

সব ঠিক থাকলে রোববার সকাল থেকে শুরু হয়ে যাবে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ। এর আগে শুক্রবার সন্ধ্যায় এক জমকালো আয়োজন করে নির্বাচনে অংশ নিতে যাওয়া ক্যাটাগরি-২ এর ১৬ জন প্রার্থী। ৭৬ জন ক্লাব কাউন্সিলরের ভোটে এই ১৬ জন থেকে পরিচালক নির্বাচিত হবেন ১২ জন।

১৬ জন প্রার্থীর মধ্যে তামিম ইকবালের মতো সাবেক ক্রিকেটার যেমন আছেন, তেমনি আছেন ব্যবসায়ী, চিকিৎসক এমনকি রাজনৈতিক পরিবারের সদস্যরাও। তবে যার পরিচয় যা-ই হোক না কেন, নির্বাচিত হলে সেটি বাইরে রেখেই মাঠে প্রবেশের অনুরোধ জানিয়েছেন তামিম।

“আমি একটা অনুরোধই করব ও আশা করব, ১৬ জন প্রার্থীর মধ্যে ক্রিকেটার আছেন, ব্যবসায়ী আছেন, চিকিৎসক আছেন, রাজনৈতিক পরিবার থেকে আসা ব্যক্তিরা আছেন… বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্য একটা ব্যাপার আমাদের নিশ্চিত করতে হবে, আমরা যারাই নির্বাচিত হই না কেন, যখনই মিরপুর স্টেডিয়ামের গেইট দিয়ে ঢুকলে আপনাদের ব্যক্তিগত পরিচয় বাইরে রেখে আসবেন।”

“যে মুহূর্তে ওই আসনে (পরিচালকের) আপনারা বসবেন, আপনারা কেবল বাংলাদেশ ক্রিকেটের সেবা করবেন। আপনাদের ব্যক্তিগত পরিচয়ের এখানে গুরুত্ব নেই। একটা ব্যাপারের মূল্য আছে, সেটা হলো আপনাদের ইচ্ছা।”

সাবেক ক্রিকেটার হিসেবে নিজেকেও এর ভেতরেই রাখলেন তামিম।

"আমি সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নিয়েছে। ঢাকা লিগে একাধিক দলের সঙ্গে আমি জড়িত আছি। তাদের আমি ফান্ডিং দিয়ে থাকি এবং চেষ্টা করি ক্রিকেট যেন সঠিক পথে থাকে।"

উল্লেখ্য, বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-১ থেকে ১০ পরিচালকের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়ে গেছেন ৭ জন। আর ক্যাটাগরি-৩ থেকে একটি পদের বিপরীতে পরিচালক হয়ে গেছেন সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর।

সব মিলিয়ে ক্যাটাগরি-১ থেকে ১০ জন, ক্যাটাগরি-২ থেকে ১২ জন ও ক্যাটাগরি-৩ থেকে ২৩ জন নিয়ে হবে বিসিবির প্রাথমিক পরিচালনা পরিষদ। এর সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের ২ জন প্রতিনিধিকে নিয়ে হবে ২৫ জনের পূর্ণাঙ্গ বোর্ড।

তাই রোববারের নির্বাচনে ক্যাটাগরি-১ থেকে ৩ জন ও ক্যাটাগরি-২ থেকে পরিচালক নির্বাচিত হবেন ১২ জন। 

Powered by Blogger.