Header Ads

কেমন হবে আর্জেন্টিনার একাদশ

কেমন হবে আর্জেন্টিনার একাদশ





বিশ্বকাপের মহোৎসবে মেতে ওঠার আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে মাঠে নামছে আর্জেন্টিনা। কাল টেক্সাসের কাইল ফিল্ডে প্রীতি ম্যাচে সেন্ট্রাল আমেরিকার দেশ হন্ডুরাসের সঙ্গে দেখা হচ্ছে আলবিসেলেস্তেদের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।


বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে এটিই লিওনেল স্কালোনির শিষ্যদের প্রথম প্রস্তুতি ম্যাচ। তবে প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। চোটের কারণে এই ম্যাচে মাঠে দেখা যাবে না অধিনায়ক লিওনেল মেসিসহ দলের একঝাঁক নিয়মিত তারকাকে।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন, ইন্টার মায়ামির হয়ে খেলার সময় পাওয়া পেশির চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি লিওনেল মেসি। দলে থাকলেও তিনি এখন আলাদা অনুশীলন করছেন। হন্ডুরাসের বিপক্ষে তাঁকে বিশ্রামে রাখছেন কোচ। শুধু মেসিই নন, চোটের মিছিলে আছেন নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও। ডান হাতের অনামিকা আঙুলে ফ্র্যাকচারের কারণে এই প্রীতি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন তিনি। তবে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই তিনি ফিরবেন বলে নিশ্চিত করেছেন স্কালোনি। দিবুর অনুপস্থিতিতে আর্জেন্টিনার গোলপোস্ট সামলানোর দায়িত্ব পেয়েছেন হুয়ান মুসো।


দলের রক্ষণভাগেও এসেছে বড় পরিবর্তন। নিয়মিত দুই রাইট-ব্যাক নাহুয়েল মলিনা ও গনজালো মন্তিয়েল চোটের কারণে মাঠের বাইরে থাকায় একাদশে সুযোগ পাচ্ছেন তরুণ ডিফেন্ডার আগুস্তিন গিআই। গোড়ালির চোটে ভুগছেন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ এবং হাঁটুর চোটে আছেন নিকোলাস পাজ। মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসও চোট থেকে পুনর্বাসনের প্রক্রিয়ায় থাকায় আজকের স্কোয়াডে থাকছেন না।


 

মিডফিল্ডে সপ্তাহের শুরুতে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের খেলার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত সেখানে পরিবর্তন এনেছেন স্কালোনি। একাদশে জায়গা করে নিয়েছেন জিওভানি লো সেলসো। তাঁর সঙ্গে মাঝমাঠ সামলাবেন এনজো ফার্নান্দেজ ও রদ্রিগো দি পল। আক্রমণভাগে লাউতারো মার্তিনেজের সঙ্গে দেখা যাবে জিলিয়ানো সিমিওনে ও থিয়াগো আলমাদাকে।

সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ‘যারা খেলার জন্য ন্যূনতম ফিটনেস দেখাতে পারবে না, তারা বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়বে।’

হন্ডুরাস ম্যাচের পর আগামী বুধবার আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেটিই হবে বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শেষ ম্যাচ।


আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ:

গোলকিপার: হুয়ান মুসো

ডিফেন্ডার: আগুস্তিন গিআই, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো

মিডফিল্ড: জিওভানি লো সেলসো, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল

ফরোয়ার্ড: জিলিয়ানো সিমিওনে, লাউতারো মার্তিনেজ, থিয়াগো আলমাদা


Powered by Blogger.